ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মোরসালিন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার পর গলার রগ কেটে দিয়েছে তারই বাবা।
রবিবার রাতে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের ধরমণ্ডল গ্রামে এমন রোমহর্ষক ঘটনা ঘটে। হত্যার পর পালানোর সময় ঘাতক বাবা মো. মোসাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্যই মোসাঈদ তার নিজের ছেলেকে এমনভাবে হত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই বিয়ে করেছে মোসাঈদ। মোরসালিন তার প্রথম স্ত্রীর সন্তান। তবে দ্বিতীয় বিয়ের পর থেকে মোসাঈদ প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।
গত দুই দিন আগে হঠাৎ করে মোসাঈদ প্রথম স্ত্রীর বাড়িতে যায়। রবিবার বিকেলে মোরসালিনকে তার কাছে থাকা ৪০ টাকা দিয়ে দোকান থেকে ব্লেড ও সিগারেট কিনে আনতে বলে মোসাঈদ।
মোরসালিন বের হওয়ার কিছুক্ষণ পর মোসাঈদও বাড়ি থেকে বের হয়। কিন্তু তারা দুজনই আর বাড়ি ফিরে আসেনি। রাতে বাড়ির পাশে মোরসালিনের গলায় রশি বেঁধে শ্বাসরোধে হত্যার পর ব্লেড দিয়ে গলার রগ কেটে দেয় মোসাঈদ। হত্যার পর পালানোর সময় স্থানীয়রা মোসাঈদকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি সাজিদুর রহমান জানান, মোরসালিন গত পরশু ফুটবল খেলে ৪০ টাকা জিতেছিল। সে ওই টাকা দিয়ে স্কুলের ফি দিতে বলায় তাকে ধমক দেয় মোসাঈদ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোসাঈদ হত্যার দায় স্বীকার করেছে। সে জানিয়েছে- প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য সে নিজের ছেলেকে হত্যা করেছে।
বিবি/জেজে




















