বিরাট কোহলি ও রোহিত শর্মা বিতর্কে সরগরম দেশটির ক্রিকেটাঙ্গন। এর মধ্যে নতুন বিতর্ক জড়ালেন ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। কেন্দ্রে সেই কোহলি। তার অধিনায়কত্ব নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়ালেন তারা। সরাসরি একে অপরের বিরুদ্ধ মতামত প্রকাশ করলেন গাভাস্কার-মাঞ্জেরেকার।
গাভাস্কারের অভিযোগ, বিশ্বকাপে প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেনি বিরাট। তার জন্য সেমিফাইনালে গিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে ভারত। তা সত্ত্বেও কিভাবে অধিনায়ক থাকে সে?
গাভাস্কারের সেই মন্তব্যের সরাসরি সমালোচনা করে টুইটারে প্রকাশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মাঞ্জেরেকর। টুইটবার্তায় তিনি বলেন, সুনীল স্যারকে সম্মান জানিয়েই বলতে চাই, ভারতীয় নির্বাচকমণ্ডলী ও বিরাট কোহলির ব্যাপারে আমি তার সঙ্গে একমত নই। বিশ্বকাপে প্রত্যাশার চেয়ে কম পারফরম্যান্স করেনি ভারত। তারা সাতটি ম্যাচ জিতেছে, হেরেছে মাত্র দু’টিতে। সেমিতেও জয়ের খুব কাছাকাছি ছিল। নির্বাচকের কাছে সম্মানের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ দলে অখণ্ডতা বজায় রাখা।
মাঞ্জেরেকারের টুইট ঘিরে ভিন্ন মত দেখা গেছে ক্রিকেটপ্রেমীদের মাঝে। অনেকে সেমিফাইনালে রবীন্দ্র জাদেজা বনাম সঞ্জয় মাঞ্জেরেকারের বিতর্ক টেনে এনে মজা করে লিখেছেন, সমস্যা সমাধানের জন্য সঞ্জয়জি ও সুনীলজির মধ্যে একটা রেসলিং ম্যাচ হলে কেমন হয়? যেখানে রেফারি হবেন জাদেজা।
বিজনেস বাংলাদেশ-/এমএ


























