ঈদুল আযহার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হল খোলা রাখার দাবি শিক্ষার্থীদের। সোমবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি সারাবছর হল খোলা রাখতে পারে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের হল কেন বন্ধ থাকবে? ক্যাম্পাস খোলার পরপরই অনেকের পরীক্ষা। হল বন্ধ থাকলে সে শিক্ষার্থী ক্যাম্পাসে এসে পরীক্ষার প্রস্তুতি নিবে কখন? এছাড়া আমাদের হল বন্ধ থাকলেও শিক্ষকদের কোয়ার্টার ঠিকই খোলা থাকে।
বক্তারা আরও বলেন, সম্প্রতি হল বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি যাতে দ্রুত বাতিল ঘোষণা করা হয়। প্রশাসনকে আমরা বলতে চাই, আমাদের আন্দোলনে নামাতে বাধ্য করবেন না। আমাদের দাবি যদি না মানা হয় তাহলে আজ আমরা যে শান্তি আন্দোলন করেছি তা আগামীকাল কঠোর আন্দোলনে পরিণত হবে।
মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মাসুদ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদী হাসান, মাহমুদ সাকিব, সাইদুল শান্ত. রফিক মিয়া, মনির হোসেন, জামাল মিয়া, আবির হোসেন হিমেল প্রমুুখ।
এদিকে, হল বন্ধ ও ভর্তি পরীক্ষার ফরমের মূল্য প্রসঙ্গে ৫ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষাবাণিজ্য বিরোধী শিক্ষার্থীরা। স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া।
তাদের দাবিগুলো হলো- আগামী ৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পবিত্র ঈদুল আযহার ছুটি কমিয়ে ৭ দিন রাখতে হবে, হল বন্ধ সংস্কৃতি বাতিল করতে হবে ও বিশেষ কিংবা জরুরি কোনো পরিস্থিতি ছাড়া আবাসিক হল বন্ধ রাখা যাবে না, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি ফরম মূল্য অনধিক পাঁচশত টাকা ধার্য করতে হবে, বিভাগ পরিবর্তনের সুযোগ রেখে আলাদা ইউনিটে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করতে হবে ও ভর্তি পরীক্ষায় ৩২ হাজার সিলেকশন বাতিলসহ নির্দিষ্ট ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করতে হবে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















