ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরগঞ্জের কামাররা। আগামী ১২ ই আগস্ট পবিত্র ঈদুল আযহা। দিন যতই ঘনিয়ে আসছে কামারপাড়া ততই সরগরম হয়ে উঠছে। কোরবানির পশু জবাই গোশত কাটার কাজ সহজতর করতে কোরবানি দাতা লোকজন পুরাতন দা বটি ছুরি সংস্কার এবং নতুন দা-বটি, ছুরি, চাপাতি তৈরি করতে কামার দোকানে ১ মাস আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছেন। কামার শ্রমিকরা অর্ডারকৃত দা বটি, ছুরি চাপাতি বানিয়ে গ্রাহকদের মাঝে সরবরাহ করতে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলার সদর ব্রিজ সংলগ্ন কামার পট্টিতে খোঁজ নিয়ে জানা যায় ১ কেজি ওজনের একটি দা ৬শ থেকে ৬শ ৫০ টাকা, দুই কেজি ওজনের একটি চাপাতি ৭শ টাকা, ২ কেজি ওজনের একটি কুড়াল ৬শ থেকে ৬শ ৫০ টাকা, ছুরি ৩শ থেকে ৩শ ৫০ টাকা বিক্রি হচ্ছে। কামার শ্রমিক নির্মল কর্মকার (৬৫) ও অধীর কর্মকার (৪০) জানান এবারের ঈদ উপলক্ষে ভালো অর্ডার পেয়েছি এবং রেডিমেট তৈরি করা মালামাল ও বেশি বিক্রি হচ্ছে। তিনি আরো বলেন বছরে দুটি ধান উৎসব আমন ও বোরো মৌসুমে কাস্তে কোদাল আর কোরবানির সময়ে দা, ছুরি, বটি, চাপাতি বেচা বিক্রি করে সারা বছরের আয় রোজগার হয়ে থাকে। এছাড়াও বছর ব্যাপি টুকটাক কাজ করে শুধুমাত্র পেশা ধরে রাখা ছাড়া আর কিছুই হয় না। ঈদ আসলে আমাদের ভাগ্যে যে টাকা জোটে তা দিয়েই সারা বছর সংসারের খরচ চলে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















