ঢাকা: মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখাই ছিল তাঁর অভ্যাস। বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোকে কর্তব্য বলে মনে করতেন তিনি। কখনও সশরীরে, কখনও সোশ্যাল মিডিয়ায়, দেশ হোক বা বিদেশ, মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন তিনি। হয়ে উঠেছিলেন ‘জনসাধারণের বিদেশমন্ত্রী’ বা ‘টুইটার মন্ত্রী’৷ আজ তিনি অতীত। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ভারত হারাল আরও এক বাগ্মী রাজনেতাকে।
বিকেল ৪টা ৪৫ মিনিট: প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রয়াণে আগামিকাল দেশজুড়ে হতে চলা ধর্মঘট স্থগিত করল চিকিৎসদের সংগঠন আইএমএ ।
বিকেল ৩০ মিনিট: গান স্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লোধি রোডের শ্মশানে সম্পন্ন হল সুষমা স্বরাজের শেষকৃত্য। চোখের জলে স্ত্রীকে বিদায় জানালেন স্বামী স্বরাজ কৌশল৷ সঙ্গে ছিলেন মেয়ে বাঁশুরি স্বরাজ৷ সেখানেই প্রাক্তন বিদেশমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ মন্ত্রিসভার সদস্যরা।

বিকেল ৩ টা: দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তর থেকে লোধি রোডের শ্মশানের উদ্দেশে রওনা দিল সুষমা স্বরাজের শববাহী শকট।
দুপুর ২টা ১০ মিনিট: সুষমা স্বরাজের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।
দুপুর ১টা ৪৫ মিনিট: বিজেপি সদর দপ্তরে তেরঙ্গা পাতাকায় ঢেকে প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানান হল।
দুপুর ১টা ৩০ মিনিট: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন করল আরএসএস।
দুপুর ১টা ১৫ মিনিট: সদর দপ্তরে দলীয় পতাকায় সুষমা স্বরাজের মরদেহ ঢেকে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
দুপুর ১টা: প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাখ।
দুপুর ১২টা ৩০: নয়াদিল্লির বাসভবন থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরের উদ্দেশে রওনা দিল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর শববাহী শকট৷
বেলা ১১টা ১০ মিনিট: সহযোদ্ধার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান তিনি। বলেন, সুষমা স্বরাজের মৃত্যু কেবল বিজেপি নয় দেশের রাজনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি৷ দলের উজ্জ্বলতম নক্ষত্র ছিলেন তিনি৷ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবানীর নেতৃত্বে সফলতার সঙ্গে কাজ করেন সুষমা স্বরাজ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও একই দায়িত্ববোধের সঙ্গে কাজ করেন তিনি৷
বেলা ১১ টা: রাজ্যসভার অধিবেশনের শুরুতেই সুষমা স্বরাজের প্রয়ানে শোকজ্ঞাপন করেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু।

সকাল ১০টা ৪০ মিনিট: প্রাক্তন বিদেশমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা।
সকাল ১০টা ১৫ মিনিট: সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানালেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী৷
সকাল ৯টা ৪০ মিনিট: চোখের জলে প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু।
সকাল ৯টা ২০ মিনিট: প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে এলেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷ এলেন বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা।
সকাল ৯টা ১০ মিনিট: নয়াদিল্লির বাসভবনে এসে সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানিয়ে গেলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ তাঁর স্বামী স্বরাজ কৌশল ও মেয়ে বাঁশুরির সঙ্গে কথা বলেন তিনি৷ তাঁদের সমবেদনা জানান রাষ্ট্রপতি৷
সকাল ৯টা: তাঁর সবচেয়ে প্রিয় সহকর্মীকে হারানোয় দুঃখ প্রকাশ করলেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানী৷ শোকবিবৃতিতে লিখলেন, ‘‘দেশ আজ এক অনবদ্য রাজনৈতিক নেতাকে হারাল৷ আমার কাছে এটা অপূরণীয় ক্ষতি৷ আমি সর্বদা সুষমা জি’র উপস্থিতি মনে রাখব৷ স্বরাজ জি ও বাঁশুরিকে আমার সমবেদনা৷ ওম শান্তি!’’
সকাল ৮টা ৪০ মিনিট: মঙ্গলবার রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ৷ তাঁকে ভরতি করা হয় নয়াদিল্লির এইমসে৷ রাত ১০টা ৫০ মিনিটে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷
খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ভিড় জমাতে থাকেন পরিচিতরা৷ নয়াদিল্লির বাসভবনে আসতে থাকেন কাছের মানুষজন৷ হাজির হন বিজেপির নেতানেত্রীরা৷ মতাদর্শ নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ৷ মঙ্গলবার নয়াদিল্লির বাসভবনেই শায়িত রয়েছে সুষমা স্বরাজের নশ্বর দেহ৷ সেখানে এসেই তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন প্রিয়জনরা৷ জানা গিয়েছে, বাসভবন থেকে বুধবার দুপুরে তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দপ্তরে৷ সেখানেও তাঁকে শ্রদ্ধা জানাবেন দলের বহু শীর্ষ নেতানেত্রী।
বিকেল ৩টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় লোধি রোডে সম্পন্ন হয় প্রাক্তন বিদেশমন্ত্রীর শেষকৃত্য। চোখের জলে ভারত বিদায় জানায় টুইটার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিদেশমন্ত্রীকে।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























