কিশোরগঞ্জের হোসেনপুরে কোরবানীর ঈদ উপলক্ষে গরুর হাটগুলোতে গরু সমাগম বেশি হলেও ক্রেতা সংখ্যা কম। বাজারে গরু ক্রয়ে ক্রেতাদের আগ্রহ কম থাকায় গরু বিক্রি কমে গেছে। ফলে গরু বিক্রি করতে না পারায় হতাশ বহু ফার্মের মালিক ও স্থানীয় গরু বিক্রেতা।
সরেজমিনে উপজেলার হাজিপুর ,ভোটের বাজার, পিতলগঞ্জ ,চরপুমদী ,ঠাডাকান্দা, গলাচিপাসহ বিভিন্ন হাট_ বাজার গুলোতে ঘুরে দেখা যায়, বাজারে দেশীয় জাতের ছোট -বড় অনেক গরুর সমাগম হয়েছে। বিভিন্ন অঞ্চল ও দূর-দূরান্ত থেকে বহু বিক্রেতা গরু হাটে নিয়ে এসেছে। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু বিক্রির আশায় দাঁড়িয়ে থেকেও বিক্রি করতে পারে নাই অনেক গরু বিক্রেতা। আবার অনেকেই কম দামে গরু বিক্রি করতে দেখা গেছে।
এ সময় চরকাটিহারী গ্রামের গরু বিক্রেতা মোহাম্মদ আবুল কাশেম, পিতলগঞ্জ গ্রামের রুকনুদ্দিন, চরপুমদী গ্রামের বেলাল মিয়াসহ অনেকেই জানান, বাজারে পাইকারি ও খুচরা বিক্রেতার তুলনায় গরুর সমাগম বেশি হওয়ায় গরু বিক্রি করা যাচ্ছে না। ফলে গরু প্রতি অনেক লোকসান গুনতে হবে বলে জানান তারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্রেতা সাধারণের হাতে অর্থ না থাকায় গরু ক্রয় না করে ছাগল এর প্রতি আকৃষ্ট হচ্ছেন বলে অনেকেই জানান।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ জাবের জানান, গ্রামাঞ্চলের এ বছর প্রচুর পরিমাণে দেশীয় গরু পালন করায় বাজারে অধিক গরু সমাগম হওয়ার কারণে বিক্রি কম হচ্ছে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















