আমি থাকতে চাই তোর আকাশ জুড়ে
তোর আকাশ কেন মেঘলা
আমি বাধতে চাই তোর চুলের খোপা
তুই কখন থাকিস একলা।।
এমন কিছু কথা দিয়ে সাজানো একদম রোমান্টিক ঘরানার সফট মেলোডি গান “তোর আকাশ জুড়ে”। নিজের কথা ও সুরের পাশাপাশি গানটিতে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী যাযাবর পলাশ। গেলো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান শেকড় মিডিয়া এর ব্যানারে ইউটিউবে এই গানটির মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে।
গানটির সঙ্গীতায়োজন করেছেন এই সময়ের ব্যস্ততম গুণী সঙ্গীতপরিচালক ওয়াহেদ সাহিন। গানটির মিউজিক ভিডিওটি তৈরি করেছেন তরুন ভিডিও নির্মাতা খান আমির। আর এতে মডেল করেছেন রিয়েল সাখাওয়াত ও চাঁদনি।
ইতোমধ্যেই গানটি দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াতে শুরু করেছে। এই গানের ব্যাপারে যাযাবর পলাশ বলেন, এই গানের কথাগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। আর দর্শক চাহিদার কথা মাথায় রেখে এর মিউজিক ভিডিওটিও খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। আশাকরি দর্শক আমাকে এবার একদম নতুনভাবে পাবে। সবাইকে একবার হলেও গানটি শোনার আমন্ত্রণ জানাচ্ছি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























