জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একই পরিবারের ৬ জন সহ মোট ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।পটুয়াখালীর বাউফল পৌরশহরের বিলবিলাস গ্রামে গতকাল ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে বিলবিলাস গ্রামের মো. মোসলেম হাওলাদারের সঙ্গে একই গ্রামের মো. জয়নাল হাওলাদারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। গতকাল ২২আগস্ট (বৃহস্পতিবার) মোসলেম হাওলাদারের ভাগ্নে মো. হাসান মোটরসাইকেলে করে তার (মোসলেম) বাড়িতে ঢুকছিলেন। ওই সময় জয়নাল হাওলাদারের ছেলে মো. রাসেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল লাঠিসোটা, রাম দা ও কুড়াল নিয়ে হাসানের গতিরোধ করে মারধর শুরু করে। খবর পেয়ে মোসলেমের পরিবারের লোকজন ও স্বজনরা ছুটে এলে তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জয়নাল হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ-/এমএ






















