পাবনার সদর উপজেলার মুকুন্দপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পিতার নাম আককাছ আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ২৫ আগস্ট গতকাল (রোববার) রাত ৯টার দিকে পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে একটি জমির মালিকানা নিয়ে আশরাফ আলী ও ইদ্রিস আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইদ্রিস আলীসহ অপর তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সংঘর্ষে আহত রিপন আলী (৩০), সিদ্দিক আলী (৩৫) ও জিল্লুর রহমান (৩৫) এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর থানার হিমাগারে রেখেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ























