চলতি বছরের হজ (১৪৪০ হিজরি) কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। গত শনিবার হজের সকল ফিরতি ফ্লাইট শেষ হয়েছে এবং জেদ্দাস্থ বাংলাদেশ হজ টার্মিনালের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
পবিত্র হজ পালনে বাংলাদেশি হাজিরা হজের কার্যক্রম শেষ করে সুষ্ঠু ও সুন্দরভাবে দেশে প্রত্যাবর্তন করেছেন। চলতি বছর সরকারি ও বেসরকারি ৫৯৮টি হজ এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৬৫টি ফ্লাইটে ১ লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) বাংলাদেশি সৌদি আরব গমন করেন। গত ৪ জুলাই হজ ফ্লাইট শুরু হয়ে ৫ আগস্ট শেষ হয় এবং ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। হজ শেষে ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৬৯টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৮২টিসহ ৩৫১টি ফিরতি হজ ফ্লাইটে হাজিরা দেশে ফিরেন। গত শনিবার ছিল শেষ হজ ফ্লাইট। এ বছর বাংলাদেশি ১ লাখ ২৭ হাজার ১৫২ হজযাত্রী/হাজির মধ্যে ১১৭ জন সৌদি আরবে ইন্তেকাল করেছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১১২ জন সৌদি আবর গিয়েছিলেন। তাদের মধ্যে পুরুষ ১০০ ও মহিলা ১৭ জন।
১১৭ জনের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ এবং জেদ্দায় ২ জন মারা যান।
























