সৌদি আরবের জেদ্দায় আল হারামাইন রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জন আহত হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে আল হারামাইন হাইস্পিড রেল স্টেশনে হঠাৎ এ আগুন লাগার ঘটনা ঘটে।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এই রেল স্টেশনের উদ্বোধনের পর অক্টোবরে পবিত্র মক্কা ও মদিনার মধ্যে দ্রুতগতির এ রেল সেবা চালু হয়।
সৌদি আরবের সিভিল ডিফেন্সের ডিরেক্টর জেনারেলের দপ্তর জানিয়েছে, কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেলওয়ে দুই পবিত্র শহর মক্কা ও মদিনাকে যুক্ত করেছে। ৭৩০ কোটি ডলারের এই রেললাইন গত বছরের সেপ্টেম্বরে চালু করা হয়।
সৌদি আরব তার তেল নির্ভরতা কমিয়ে এনে পর্যটন খাতকে উন্নত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছে, এই রেল স্টেশন তারই অংশ।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























