রাজধানী ঢাকার সদরঘাট টার্মিনালসহ দেশের নদীবন্দরগুলোতে প্রবেশ মূল্য পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে এ বর্ধিত ফি কার্যকর হবে। এছাড়া দেশের সকল নদীবন্দর এবং ফেরিঘাটগুলোর বিভিন্ন ফিও বাড়ানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মাহাবুব-উল ইসলাম গণ্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যেসব নদীবন্দর ও ফেরিঘাটের ইজারা দিতে টেন্ডার ডাকা হয়নি, সেখানে বিভিন্ন ধরনের চার্জ বাড়ছে আজ থেকে।
কিন্তু, যেসব নদীবন্দর ও ফেরিঘাটের টেন্ডার ডাকা হয়েছে, সেখানে পূর্ব নির্ধারিত হারেই ফি আদায় করা হবে। তবে আগামী বছর থেকে সেখানে পুননির্ধারিত ফি কার্যকর হবে।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আরো জানিয়েছেন, লঞ্চঘাটে যাত্রী প্রবেশ ফি ছাড়াও ১৮টির মতো খাতে শুল্ক হার বাড়বে।
জানা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরিঘাটে গাড়ি প্রবেশেও বাড়তি ফি দিতে হবে।
মঙ্গলবার থেকে দেশের সবচেয়ে বৃহত্তম নদীবন্দর সদরঘাটসহ, নারায়ণগঞ্জ, নরসিংদী, খুলনা, চাঁদপুর, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও বরিশালের টার্মিনাল ভবনে প্রবেশ ফি পাঁচ টাকার পরিবর্তে ১০ টাকা আদায় করা হবে।
এছাড়া যেসব টার্মিনালে ভবন নেই বা আধাপাকা টিনশেড আছে, যেমন; দৌলতদিয়া, আরিচা, টঙ্গী, আশুগঞ্জ, শিমুলিয়া, ভৈরববাজার,নগরবাড়ী, চর জানাজাত, কক্সবাজার,
মেঘনাঘাটসহ অন্যান্য ঘাটের ফি চার টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছে। আর ওয়েসাইড লঞ্চ স্টেশন, টার্মিনাল বা জেটিতে প্রবেশের ক্ষেত্রে তিন টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান




















