শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা হিসেবে ৫০০ টন ইলিশের রপ্তানির যে উদ্যোগ সরকার গ্রহণ করেছে তার প্রথম চালান হিসেবে ৩০ সেপ্টেম্বর সোমবার ১০৫ টন ইলিশ বেনাপোল বন্দর হয়ে ভারতের পেট্রাপোলে প্রবেশ করেছে।
এর আগে গত রোববার ২৪ টন ইলিশ বোঝাই প্রথম একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছালে কাগজপত্র ত্রুটিজনিত কারণে তা আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।
৩০ সেপ্টেম্বর সোমবার বাকি ৮১ টন ইলিশ নিয়ে আরো ৪টি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকল প্রকার কাগজপত্র বুঝে নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে ১০৫ টন ইলিশ মাছ বোঝাই ৫টি ট্রাক বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
কাস্টমস কর্তৃপক্ষ বলছে, ভারতে ইলিশের প্রথম চালানটি দুপুরে যাওয়ার কথা থাকলেও মাছ রপ্তানির জন্য প্রয়োজনীয় অনুমতি ও সংশ্লিষ্ট কাগজপত্রের ত্রুটি থাকায় তা ছাড় করতে কিছুটা সময় লেগেছে।
ফলে সবকিছু ঠিকঠাক করে বিকাল সাড়ে ৪টায় ইলিশ বোঝাই ট্রাকটি বেনাপোল সীমান্ত পেরিয়ে পেট্রাপোলে প্রবেশ করে।
ইলিশ রপ্তানিকারক প্রতিষ্ঠান বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি মহিদুল হক বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে।
পর্যায়ক্রমে ১০ই অক্টোবরের মধ্যে ৫০০ টন ইলিশ রপ্তানির নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, রোববার বিকালে ছয় ট্রাক মাছের মধ্যে মাত্র এক ট্রাক মাছ আমরা হাতে পেয়েছিলাম। সেই ট্রাকটি আমরা বেনাপোল বন্দরে পাঠিয়েছিলাম।
পরে গতকাল আরো পাঁচ ট্রাক মাছ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় সব কাগজপত্র কাস্টমস বিভাগে জমা দিলে তারা
পরীক্ষা-নিরীক্ষা করে মাছভর্তি ট্রাকগুলো বন্দর ত্যাগের অনুমতি পায়। প্রতি কেজি ইলিশ ছয় ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে।
ফলে বাংলাদেশি টাকায় প্রতি কেজির দাম পড়ছে ৫০০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টম থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























