হাফসেঞ্চুরিতে খুলনার জয়ে ভূমিকা রেখেছেন সৌম্য সরকার। ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে খুলনা বিভাগ। প্রথম স্তরের ম্যাচটিতে শেষ দিন জয়ের জন্য ১০৮ রান করতে হতো খুলনাকে। আগের দিন এক উইকেট হারানো খুলনা জয়ের বন্দরে নোঙর ফেলেছে সৌম্য সরকারের হাফসেঞ্চুরিতে। চট্টগ্রামে ঢাকা ও রংপুর বিভাগের মধ্যকার প্রথম স্তরের অপর ম্যাচটি ড্র হয়েছে।
এতদিন ধরে অফফর্মে ছিলেন বামহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। অবশেষে দ্বিতীয় রাউন্ডে রানের দেখা পেয়েছেন। সঙ্গে উপহার দিয়েছেন ম্যাচ জেতানো অপরাজিত ৫০ রানের ইনিংস। আগের দিন অপরাজিত থাকা ইমরুল কায়েস খুব বেশি কিছু করতে পারেননি শেষ দিন। আউট হয়েছেন ২২ রানে। অপরপ্রান্তে থাকা সোম্য তখন সাবলীল ভঙ্গিতে খেলে জয় তুলে নিয়েছেন। সঙ্গী মিঠুন ২৭ রানে আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়েন মিরাজকে সঙ্গে নিয়ে। মিরাজ অপরাজিত থাকেন ১৪ রানে। খুলনা জয় নিশ্চত করে ৩ উইকেট হারিয়ে।
এদিকে, ভারত সফরের আগে মাহমুদউল্লাহ প্রস্তুতি সারলেন সেঞ্চুরিতেনিজের দল ঢাকা মেট্রো হেরে গেলেও দারুণ এক সেঞ্চুরিতে ভারত সফরের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন মাহমুদউল্লাহ। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে মেট্রোর বিপক্ষে ৮ উইকেটে জিতেছে সিলেট। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ড্র করেছে চট্টগ্রাম ও বরিশাল।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিন খেলতে নামার আগে সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ছিলেন মাহমুদউল্লাহ। আরও ২০ বল খেলে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। ২১৪ বলে ৬ চার ও ১ ছয়ে সেঞ্চুরি করেন এই অলরাউন্ডার। দিনের দ্বিতীয় উইকেট হিসেবে তিনি মাঠ ছাড়েন ১১১ রান করে, ২৪৩ বলের ইনিংস থামে আবু জায়েদ রাহীর বলে বোল্ড হয়ে।
বিজনেস বাংলাদেশ/এ আর

























