মারাঠি সিনেমার নায়িকা পূজা জুঞ্জর সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। মহারাষ্ট্রের স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে সন্তান প্রসবের কিছুক্ষণের মধ্যে শিশুটির মৃত্যুর পর মায়ের অবস্থাও খারাপ হয়ে পড়ে। কিন্তু অ্যাম্বুলেন্সের অভাবে তাকে সরকারি হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। মধ্যপথে তারও মৃত্যু হয়।
কয়েকটি মারাঠি সিনেমায় নায়িকা হিসেবে কাজ করেছেন পূজা জুঞ্জর। বয়স মাত্র ২৫ বছর। কিন্তু অকালেই এই তারকা হারিয়ে গেলেন শুধু একটি অ্যাম্বুলেন্সের অভাবে।
পূজার আত্মীয়দের দাবি, যথাসময়ে একটি অ্যাম্বুলেন্স পেলেই তাকে বাঁচানো সম্ভব হতো। সরকারি হাসপাতাল থেকে ৪০ কিলোমিটার দূরে ছিলেন তারা। ভোরবেলা অনেক চেষ্টা করেও তারা কোন অ্যাম্বুলেন্স জোগাড় করতে পারেননি।
মুম্বাই থেকে ৫৯০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার গোরগাঁওতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোববার রাত ২টায় হঠাৎ করে প্রসববেদনা ওঠায় নিজ এলাকা গোরগাঁওয়ের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় গর্ভবতী পূজাকে। সন্তান প্রসবের কয়েক মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। এরপর ডাক্তার পূজার পরিবারের সদস্যদের পরামর্শ দেন তাকে হিঙ্গোলি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। গোরগাঁও থেকে তার দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। তারা কোন সরকারি অ্যাম্বুলেন্স পাননি। কোনোপ্রকারে একটি প্রাইভেট অ্যাম্বুলেন্স জোগাড় করে তারা রওনা দেন। পথের মধ্যেই পূজার মৃত্যু হয়।
দু’টি মারাটি সিনেমায় মূল অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন পূজা জুঞ্জর। গর্ভকালীন কর্মবিরতি নিয়ে তিনি সিনেমার কাজ থেকে কিছুকাল দূরে ছিলেন।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ

























