বিকেল ৪টায় এফডিসিতে ভোট দিতে আসেন সুপারস্টার শাকিব খান। সকাল ৯টা থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (এফডিসি) শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে সিনিয়র সদস্যরা ভোট দিয়েছেন। যারা ভোট দেননি তারাও আসছেন এখন।
এফডিসির নিরাপত্তা বেষ্টনী পার হয়ে শাকিব খান ভিতরে প্রবেশ করেই গাড়ির গ্লাস খুলে পরিচিতজনদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। এ সময় তার গাড়িকে ঘিরে তৈরি হয় জটলা, শুরু হয় সাকিবকে ঘিরে আনন্দ মিছিল। এসময় ভক্তদের মিছিল নিয়ে ভোট কেন্দ্রের দিকে যান শাকিব খান।
অন্যদিকে, শাকিব খানকে নিয়ে শ্লোগান চলে। শ্লোগানে বলা হয় ‘নায়ক আছে রে, নায়ক মোদের একজন শাকিব খান।’ জানা গেছে, নির্ধারিত বুথে ভোটার ব্যালট সংগ্রহ করেছেন ঢাকাই ছবিও নাম্বার ওয়ান হিরো। এর পর শাকিব ভোট দিয়েছেন।
ভোট দিয়ে শাকিব খান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বিশেষ একটি প্যানেল এফডিসিকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ করেছেন সুপারস্টার শাকিব খান । চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির সাবেক সভাপতি ও সময়ের শীর্ষ এই নায়ক।
তিনি বলেছেন, নির্বাচনের নামে একটি প্যানেল এফডিসিকে জিম্মি করে রেখেছে। শুধুমাত্র ভোটার বাদে অন্য কাউকে এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অনেক সিনিয়র চলচ্চিত্র ব্যক্তিত্বকে এফসিডি গেটে হয়রানি করা হচ্ছে। এর পেছনে একটি অসৎ উদ্দেশ্য রয়েছে। যার কারণে আমি পরিচালক সমিতির প্রতিবাদ বিক্ষোভকে সমর্থন জানাচ্ছি।
শাকিব খান আরও বলেন, এফডিসি কারও ব্যক্তিগত সম্পদ নয়। জাতীয় নির্বাচনেও এই ধরনের পরিবেশ সৃষ্টি হয়নি। এফডিসিতে প্রবেশের নামে এই ধরনের হয়রানি ও হেনস্তা আমার কাম্য নয়। অতীতে এই ধরনের পরিস্থিতি কখনো তৈরি হয়নি। এফডিসিতে আজ নির্বাচনী উৎসবের পরিবর্তে গুমোট অবস্থা বিরাজ করছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ


























