লবণের কৃত্তিম সংকট সৃষ্টি করার জন্য ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে মজুদ করা ৭ হাজার কেজি লবন জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।
বুধবার ত্রিশাল উপজেলার সীমান্তবর্তী বালিপাড়া ইউনিয়নের ধলা বাজারের পাশে মুজিবর রহমান নামে এক প্রবাসীর বাড়িতে এ অভিযান চালিয়ে লবন উদ্ধার করা হয়।
অভিযানে গোডাউনে মজুদ করে রাখা সাত হাজার কেজি লবন ও অবৈধভাবে লবণ সংকট তৈরীর অভিযোগে চার লবণ ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন, ধলা নামাপাড়া এলাকার পারভেজ (২৪), সালেক (২২), নরসিংদী জেলার বাবুরহাট এলাকার হৃদয় (১৯) ও নীলফামারী জেলার ডিমলা উপজেলার শাকিল (১৮)।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ধলা বাজারের পাশেই মুজিবর রহমান নামের এক প্রবাসীর বাড়ির গোডাউনে অভিযান চালিয়ে লবণগুলো জব্দ করে। এ ঘটনায় লবণ ব্যবসার সাথে জড়িতদের আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, দেশে লবণের দাম বেড়েছে এ গুজবকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফা লাভের আশায় লবণগুলো মজুদ করে রাখে তিনটি ঘরে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রা বলছেন, আটককৃতরা বালিপাড়া ও ধলায় মুদি ব্যবসার সাথে জড়িত। বেশ কয়েক দিন আগে ধলা বাজারে থাকার কথা বলে মজিবুর রহমানের কাছ থেকে বাসা বাড়া নেয়। কিন্তু লবণের ব্যবসা কিংবা মজুদের বিষয়টি তারা জানতেন না। গোপনীয় ভাবে লবণ মজুদ করা হয়েছে বলেন তারা।




















