ইডেন গার্ডেনসে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত-বাংলাদেশ। তার আগে সাংবাদিক সম্মেলনে এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে নিজের বক্তব্য রাখলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। বললেন, এই ম্যাচ সত্যিই তাদের জন্য চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত। ইডেনে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিরাট। সেখানে তিনি বলেন, ‘গোলাপি বলের টেস্ট আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা তার জন্য মুখিয়ে আছি। সবার এনার্জি খুব বেশি। এটা ভারতীয় ক্রিকেটে একটা ল্যান্ডমার্ক।’
বিরাট আরও বলেন, ‘আমি অন্য দল কিংবা তাদের বোর্ডের ব্যাপারে বলতে পারব না। তবে এটুকু বলতে পারি গত কয়েক বছরে বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা দলের খেলা আরও উন্নত করেছে।’
গোলাপি বলের টেস্টে কী ধরনের সমস্যা হতে পারে সে কথাও জানান ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘গোলাপি বলের টেস্টে সবথেকে কঠিন সমস্যার মুখোমুখি হবেন ফিল্ডাররা। সবাই জানলে অবাক হবেন গোলাপি বলে ফিল্ডিং করা খুব কঠিন। বলের ওজন অনেক বেশি মনে হচ্ছে। আমি জানি ওজনে কোনও পার্থক্য নেই, কিন্তু হাতে ধরলে মনে হচ্ছে গোলাপি বল বেশি ভারী। স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ধরতে গেলে অনেক জোরে হাতে এসে বল লাগছে। বাউন্ডারি থেকে বল থ্রো করার সময়ও ফিল্ডারদের বেশি শক্তি লাগাতে হচ্ছে।”
২০১৫ সাল থেকে দিন-রাতের টেস্ট শুরু হলেও প্রধান টেস্ট খেলা দেশগুলির মধ্যে ভারত শেষে এই টেস্ট খেলছে। গত অস্ট্রেলিয়া সফরে বিরাটদের অ্যাডিলেডে টেস্ট খেলার প্রস্তাব দেওয়া হলেও তারা তা না করেছিল। সৌরভ গাঙ্গুলী বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার পরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে প্রস্তাব দেন দিন-রাতের টেস্ট খেলার। রাজি হয়ে যান বিরাট। ভারতীয় বোর্ডের প্রস্তাবে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তারপরেই ঘোষণা করা হয় ইডেনে ঐতিহাসিক টেস্ট খেলতে নামবে দু’দেশ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান

























