নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলতে নেমে খুবই হতশ্রী পারফরম্যান্স করে বাংলাদেশ। বলের রঙের সঙ্গে ব্যাটসম্যানদের পারফরম্যান্স মেলাতে গেলেই বাধবে বিপত্তি। ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসে গোলাপি বলের প্রথম টেস্টে বাংলাদেশ হারে ইনিংস ও ৪৬ রানে।
গোলাপি বলের ঐতিহাসিক টেস্টে হার নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই, মুশফিক ক্রিজে থাকায় হারের ব্যবধান কেমন হবে তাই ছিল বিষয়। আজ রোবববার তৃতীয় দিনের শুরুতে এবাদতকে নিয়ে মাঠে নেমেছিলেন। এবাদত দ্রুত ফিরে গেলেও মুশফিক খেলছিলেন সাবলীলভাবেই, কিন্তু হলো না। ৭৪ রান করে মুশফিক আউট হয়ে গেলে হারের খুব নিকটে চলে যায় বাংলাদেশ। আবু জায়েদ সাজঘরে ফিরে গেলে টাইগাররা তাদের প্রথম দিবারাত্রির টেস্টে হারে ইনিংস ও ৪৬ রানে।
গতকাল শনিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে নতুন বল পেয়ে টাইগার বোলাররা যেভাবে আগুনঝরা বোলিং করেছেন তা দেখে আর দেরি করেননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৩৪৭ রানে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে লিড দাঁড়ায় ২৪২ রান। এই লিডকে সামনে রেখে খেলতে নেমে শুরুতেই ছয় ওভার না যেতেই বাংলাদেশ হারিয়ে বসে চার উইকেট। শেষ পর্যন্ত মুশফিকের কল্যাণে দ্বিতীয় দিনে হেরে যাওয়ার লজ্জা থেকে বাঁচলেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেননি মুশফিক-মুমিনুলরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ১৯৫ রান করে। ভারত এক ইনিংসেই করে ৩৯৭ রান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























