নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও পরিবহন নেতা শাজাহান খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘সৎ সাহস থাকলে সামনে এসে প্রমাণ নিয়ে বসুন। প্রয়োজনে লাইভ টক শো হবে। পুরো জাতি দেখবে।
বুধবার (১১দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ চ্যালেঞ্জ ছুড়ে দেন।
এ সময় সাবেক নৌ পরিবহন মন্ত্রীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, শাজাহান খান আমাকে এবং নিরাপদ সড়ক চাই সহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট কিছু প্রসঙ্গ টেনে চরিত্র হরণের চেষ্টা চালিয়েছেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর তথ্য প্রমাণ না দিতে পারলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
তিনি বলেন, গত ৮ ডিসেম্বর শাজাহান খান এমপি নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে আমাকে এবং নিরাপদ সড়ক চাই সহ আমার পরিবারের সদস্যদের নিয়ে নির্লজ্জ মিথ্যাচার করেছে। আমি মনে করি শাজাহান খানের এমন মিথ্যাচার শুধুমাত্র নিজের দুর্বলতা ঢাকার জন্যই করেছেন।
তিনি যখন এসব প্রশ্নের অবতারণা করেছেন তখন বিশেষ একটা প্রয়োজনে আমি ভারতে ছিলাম। নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে ওইদিনই প্রতিবাদ জানানো হয়েছে, এবং শাজাহান খানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও তিনি ক্ষমা চাননি।
ইলিয়াস কাঞ্চন আরো বলেন, তিনি বলেছেন ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত পান, কি উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজের নামে নেন, পুত্রবধূর নামে নেন সেই হিসেবে আমি জনসম্মুখে তুলে ধরবো।
তাই আমি আবারও তাকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিচ্ছি। এই সময়ের মধ্যে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। না তুলে ধরলে আমি আইনের পথেই হাঁটব। আমি ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলেছি, প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ইলিয়াস কাঞ্চন বলেন, দীর্ঘ ১২ বছর নিরাপদ সড়ক চাই সংগঠনটি আমার অর্থ চলেছে। কোনো অনুষ্ঠান করলে ব্যবসায়ীরা স্পন্সর করে। এখন আমাদের সংগঠনের সদস্যের চাঁদা, আর মাটির ব্যাংক থেকে বছরে কিছু টাকা সংগ্রহ হয় এটা দিয়েই সংগঠন চলছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























