বাংলাদেশের সংগীত জগতের অতি পরিচিত নাম আলম আরা মিনু। ছোটবেলায় নিজে হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করতেন তিনি। সেই চর্চা তাকে নিয়ে গেছে অনেক দূর। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করলেন একটি দেশাত্মবোধক গান। গানের শিরোনাম ‘নোলক’।
এর কথা লিখেছেন মীর মামুন হোসেন। সুর-সংগীত করেছেন জিএম রহমান রনি। আর গানটি নিয়ে নান্দনিক একটি মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মিজানুর রহমান ফয়সাল। এর দৃশ্যধারণ করা হয়েছে রূপগঞ্জ ও সাভারের বিভিন্ন স্থানে।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার উপর নির্মিত মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শিশুশিল্পী অবনি, মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইয়াসমিন, মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন শাহ আলম কবির, পাকবাহিনী চরিত্রে অভিনয় করেছেন সাইদুর সুমন, শাহরিয়ার শুভ, আমির ও হাসান।
গানটি প্রসঙ্গে আলম আরা মিনু বলেন, ‘এখন আর কেউ দেশের গানের জন্য অর্থ লগ্নি করতে চান না। তাই আগের মতো এখন খুব বেশি দেশাত্মাবোধক গান প্রকাশ হয় না। “নোলক” টিকে থাকার মতো একটি গান। আশা করি, গানটি সবার মন ছুঁয়ে যাবে।’
সুরকার ও সংগীত পরিচালক জিএম রহমান রনি বলেন, ‘গানটির কথাগুলো হাতে পেয়েই ভালো লেগে যায়। মনের মতো করে সুর করেছি। আর মিনু আপাও দারুণ গেয়েছেন আমার বিশ্বাস এই গানটি সবার ভালো লাগবে।’
বিজয় দিবস উপলক্ষে ‘নোলক’ গানটি প্রকাশ হয়েছে রেইন মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান























