রাজধানীর ফকিরাপুলে শাহীন ওরফে সেলিম (১০) নামে এক পথশিশুর গায়ে আগুন দেওয়া হয়েছে। এতে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে সে। তবে কে বা কারা তার গায়ে আগুন দিয়েছে তা জানা যায়নি।
সোমবার বিকেলে ফকিরাপুল এলাকায় এ ঘটনা ঘটে। সেলিমের আপন মা-বাবার নাম জানা যায়নি। তার বাড়ি কোথায় তাও কেউ বলতে পারছেন না। তবে সে কমলাপুরে পালিত মা-বাবা রোকেয়া ও বাপ্পীর সঙ্গে থাকে।
সেলিমের পালিত মা রোকেয়া বলেন, ‘আমি আর সেলিম দুপুর ১টার দিকে ফকিরাপুল এলাকায় ছিলাম। ওই সময় এক রিকশাচালক সেলিমকে ডেকে আমার সঙ্গে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেয়। সেলিম জানায়, মা এসব কাজ করে না। তার কিছুক্ষণ পর আমি সেখান থেকে চলে যাই। খবর পেয়ে বিকেলে সাড়ে ৪টার দিকে সেখানে গিয়ে দেখি সেলিমের শরীরে আগুন।’
সেলিমের পালিত মায়ের ধারণা, ওই রিকশাচালক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
মতিঝিল থানার এসআই জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দগ্ধ অবস্থায় সেলিমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি। তা ছাড়া তার পরিচয়ও জানা যায়নি। এ সব বিষয়ে জানার চেষ্টা চলছে।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সেলিমের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























