বিশ্বের অনেক দেশেই জনপ্রিয় শিল্পীদের ব্যবহৃত নানা জিনিসপত্র নিলামে তোলা হয়। আর ওই নিলামকে কেন্দ্র করে করা হয় জমকালো আয়োজনও। যদিও এমন সংস্কৃতি আমাদের দেশে খুব একটা দেখা যায় না।
এবার সেই তালিকায় নাম লিখালেন দেশের জনপ্রিয় ব্যান্ডদল মাইলস-এর প্রধান হামিন আহমেদ। ৪০ বছর পূর্তি উপলক্ষে ব্যান্ডের একটি অ্যাকুস্টিক গিটার তোলা হয়েছে নিলামে। জাগো ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলা এই গিটারটি বাজাতেন দলটির প্রধান হামিন আহমেদ। এই গিটারটির গায়ে থাকছে ব্যান্ডের পাঁচ সদস্যের অটোগ্রাফও।
হামিন আহমেদ বলেন, ‘এটি আমার প্রিয় গিটারের মধ্যে অন্যতম। দুটি অ্যালবামের কাজে গিটারটি বাজিয়েছি। প্রিয় এই গিটারটি এবার নিলামে দিলাম। ভাবতে ভালো লাগছে, আমার এই গিটারটি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কাজে লাগছে।’
তিনি আরও জানান, অ্যাকুস্টিক এই গিটারটি মূলত ব্যবহার হয়েছে মাইলসের ‘প্রতিচ্ছবি’ ও ‘প্রতিচ্ছবি ডিলাক্স’ অ্যালবামের সংগীতায়োজনে। এছাড়াও মাইলসের ৪০ বছরপূর্তির সমাপনী কনসার্টকে সামনে রেখে দলের অন্য সদস্যদের গিটারও তোলা হবে নিলামে।
জাগোর পক্ষ থেকে জানানো হয়, গিটার বিক্রি করে পাওয়া অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় হবে। এই প্রতিবেদন লেখা প্রকাশ পর্যন্ত গিটারটির মূল্য উঠেছে ৫৫ হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা।
এদিকে, ৪০ বছর পূর্তিতে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া মিলে ২৮টি কনসার্ট করে মাইলস। এর মধ্যে ১৮টি ছিল যুক্তরাষ্ট্রে, ৭টি কানাডায় এবং ৩টি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ায়। একটানা এত বড় বিদেশ সফর বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য এটাই ছিল প্রথম।
মাইলসের ৪০ বছর পূর্তির সর্বশেষ আয়োজনটি থাকছে আগামী ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। পুরো আয়োজন করছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। এদিনের মঞ্চে মাইলস ছাড়াও অংশ নেবে ওয়ারফেইজ, ভাইকিংস, সোলস, ফিডব্যাক এবং দলছুট। একই মঞ্চে নিলামে বিজয়ী ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে গিটার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























