চোটের কারণে চলমান বঙ্গবন্ধু বিপিএল থেকে ছিটকে গেছেন দেশের সেরা দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ রিয়াদ। তারা আসরের কোন পর্যায়ে দলে যোগ দেবেন তা অনিশ্চিত। জাতীয় দলের ডাকে ফিরে যাচ্ছেন ব্যাট হাতে ঝড় তোলা দাসুন শানাকাসহ ৩ শ্রীলঙ্কান ক্রিকেটার। এসব কারণে নানা বিতর্কে শুরু হওয়া এবারের বিশেষ বিপিএল যেন আরও রং হারাচ্ছে। সেই রং অনেকটাই হয়তো ফিরে আসবে লিয়াম প্ল্যাংকেটের সৌজন্যে।
ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ক্রিকেটার লিয়াম প্ল্যাংকেট এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন। নিজেদের অফিসিয়াল ফেসবুকে এই খবর নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। চলমান চট্টগ্রাম পর্ব থেকেই দলের সাথে যোগ দিয়েছেন প্লাংকেট। তবে এই পর্বে খেলতে পারছেন না দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চোটের কারণে প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি। প্ল্যাংকেটর আগমন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে তাই স্বস্তি দেবে।
ইংল্যান্ডের মাটিতে গত ওয়ানডে বিশ্বকাপের সদস্য ছিলেন ডান-হাতি পেসার প্লাংকেট। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন তিনি। লর্ডসের সেই বহুল বিতর্কিত ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২ রানে ৩ উইকেট নিয়েছিলেন। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত নতুন ফরম্যাটের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে ৬ ম্যাচে ৩ উইকেট শিকার করেন তিনি। এর আগে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়েছে ২০১৭-১৮ মৌসুমে ৫ ম্যাচে অংশ নিয়ে ১৯ ওভার বল করে ১৫৮ রানে ৭ উইকেট নেন প্লাংকেট।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























