অনেক দিন ধরেই বলিউডে গুজব—একই ছবির প্রধান দুটি চরিত্রে দেখা যাবে সালমান খান ও শাহরুখ খানকে। কিন্তু গুজব কখনোই সত্যি হয়নি। মাঝে শোনা গিয়েছিল সঞ্জয়লীলা বানসালির ছবিতে দেখা যাবে দুই তারকাকে। সেটাও বাস্তবে ঘটেনি।
কিন্তু প্রযোজক নিখিল আদভানি জানালেন বানসালির ছবিতে সালমান-শাহরুখের অভিনয়ের খবর গুজব ছিল না, সত্যিই এই দুই তারকাকে নিয়ে ছবি করতে চেয়েছিলেন পরিচালক।
নিজের প্রযোজিত নতুন ছবি ‘দাবাং ৩’-এর মুক্তি উপলক্ষে ‘মুম্বাই মিরর’কে নিখিল বলেন, ‘বানসালির প্রস্তাবে সালমান ও শাহরুখ দুজনই রাজি ছিলেন। তবু শেষ মুহূর্তে ভেস্তে যায়। কারণ চিত্রনাট্যের দ্বিতীয় অংশটা বানসালির ততটা পছন্দ হয়নি। তাঁর খুঁতখুঁতে স্বভাবের জন্যই ছবিটি হয়নি।’ সামনে
সালমান-শাহরুখকে নিয়ে আরো ছবির কথা শোনা যাচ্ছে। কিছুদিন আগেই দুই তারকা আমির খানের বাড়িতে দীর্ঘ আলোচনা করেন। তখনই রটে সালমান-আমির-শাহরুখ একসঙ্গে ছবি করবেন। তবে নিখিল অদূর ভবিষ্যতে সে সম্ভাবনা দেখছেন না।
সূত্র : মুম্বাই মিরর
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























