মুক্তির অপেক্ষায় রয়েছে চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘বিশ্ব সুন্দরী’। শুরু থেকেই বেশ আলোচনায় সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত এই ছবিটি। এরইমধ্যে সেন্সর বোর্ডে জমা পরে ছবিটি। জানা যায়, এই মাসেই নয়তো আগামী বছরের শুরুর দিকে মুক্তি পেতে পারে এটি।
তবে ছবি মুক্তির আগেই ভাইরাল হয়েছে ছবিটির একটি রোমান্টিক গান। বেশকিছুদিন আগে প্রকাশিত হয়েছিল ছবিটির রোমান্টিক গান ‘তুই কি আমার হবি রে’। প্রকাশিত হওয়ার পরই বেশ প্রশংসিত হয় ইমরান ও কনার গাওয়া এই গানটি। শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি মূহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্ত অনুরাগী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের অনেকেই গানটি শেয়ার করে প্রশংসা করছেন।
তবে মজার বিষয় হলো, রোমান্টিক এই গানটি এখন টিকটকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভক্ত অনুরাগীদের পাশাপাশি শোবিজ সংশ্লিষ্টরাও এই গানটির টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। সেই দলে যোগ দিয়েছেন বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা চম্পা।
‘তুই কি আমার হবি রে’ গানের কনার অংশটুকুর সঙ্গে টিকটক অ্যাপে ঠোঁট মিলিয়েছেন নায়িকা চম্পা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে সেটি।
এই বিষয়ে চম্পা বলেন, ‘আমি কখনোই টিকটক করিনি। গানটি বেশ ভালো লেগেছে। রুনা লায়লার বাসায় গিয়েছিলাম। বাসার ছাদে হঠাৎ মজা করেই কাজটি করেছি। কিন্তু মানুষ যে এতে এত আনন্দ পাবে, বুঝতে পারিনি। এখন তো আমার নিজেরই খুব মজা লাগছে।’
তিনি জানালেন, এখন থেকে যে গান ভালো লাগবে, সেই গানেই টিকটক তৈরি করবেন তিনি।
সান মোশন পিকচার্স প্রযোজিত এই ছবিটির গল্প ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান। সিয়াম-পরী ছাড়াও ‘বিশ্ব সুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন সুবর্ণা মোস্তাফা,হীরা, সুজন, মনিরা মিঠু, আনন্দ খালেদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























