নিজের দুঃসময়ে সব সময় স্ত্রীকে পাশে পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। রোববার (২৯ ডিসেম্বর) প্রিয়তমা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের জন্মদিন। জন্মদিনে স্ত্রীকে উদ্দেশ্য করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
রোববার (২৯ ডিসেম্বর) ফেসবুক পেজে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি পোস্ট করে স্ট্যাটাসে সাকিব লিখেছেন, ‘সব ধরণের ঝামেলার জন্য তোমার জন্মদিনই তোমাকে স্যরি বলার উপযুক্ত সুযোগ। তুমি যেসব ত্যাগ শিকার করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। সবকিছুর জন্যই আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।’
জুয়াড়িদের প্রস্তাব গোপন করে আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার খপ্পরে পড়ে বর্তমানে দুঃসময় পার করছেন সাকিব আল হাসান। তবে বছরের শেষ দিকে একের পর এক সুখবর পাচ্ছেন তিনি। উইজডেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার পর তাকে সুখবর দিলেন হার্শা ভোগলে।
প্রায় এক দশক ধরে বাংলাদেশের জার্সিতে ২২ গজ মাতিয়ে যাচ্ছেন সাকিব। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে একদিনের ক্রিকেটে অভিষেক হওয়ার পর অদ্যাবধি খেলেছেন ২০৬টি ওয়ানডে ম্যাচ। যেখানে রান করেছেন ৬ হাজার ৩২৩। বল হাতে নিয়েছেন ২৬০ উইকেট।
উল্লেখ্য, ২০১০ সালে ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলার সময় শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিব আল হাসানের। তবে, সাকিব-শিশিরের প্রথম পরিচয় হয় ফেসবুকে। সেখান থেকেই তাদের ভালোবাসা আর ভালোলাগা শুরু হয়। এরপর ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর তিন বছর পর অর্থাৎ ২০১৫ সালের নভেম্বরে তাদের কোল জুড়ে আসে একমাত্র কন্যা সন্তান আলায়না হাসান অব্রি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























