চলতি বছর দুর্দান্ত শুরু করেছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের জালে এক ডজন গোল দিয়েছে টমাস টুকেলের দল। বছরের প্রথম ম্যাচে ফ্রেঞ্চ কাপে লিনাস-মন্থেরিকে ৬-০ ব্যবধানে হারায় দলটি।
আর নিজেদের শেষ ম্যাচে ফরাসির লা লিগার কোয়ার্টার ফাইনালে সেইন্ট এতিয়েনকে ৬-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। দলটির হয়ে হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন তারকা মাউরো ইকার্দি। পিএসজি তে ধারে খেলতে আসার পর এটি ইকার্দির প্রথম হ্যাটট্রিক।
ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল উৎসবের শুরু করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি। ম্যাচে বল দখলে আধিপত্য বজায় রাখা পিএসজির দ্বিতীয় গোল আসে ৩৯তম মিনিটে। ব্রাজিলিয়ান তারকা নেইমার চলতি মৌসুমে নিজের ১০ম গোল করে ব্যবধান দ্বিগুণ করে।
৪৪তম মিনিটে এতিয়েনের জেসি মুলিন আত্মঘাতি গোল করে দলকে ৩-০ ব্যবধানে পিছিয়ে দেয়। এরপরে ১২ মিনিটের ব্যবধানে আরো দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টাইন ইকার্দি। আর পিএসজিও এগিয়ে যায় ৫-০ গোলে।
চলতি মৌসুমে পিএসজির হয়ে ১৯ ম্যাচে এ নিয়ে ১৭ গোল করলেন ইকার্দি। ম্যাচের ৬৭তম মিনিটে গোলের হাফ ডজন পূর্ণ করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে চলতি মৌসুমে ১৯ ম্যাচে ১৮ গোল করলেন এমবাপ্পে। চার মিনিট পর এক গোল পরিশোধ করে ৬-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে অতিথি এতিয়েন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























