মতিন মিয়ার জোড়া গোলে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করেছে কোচ জেমি ডের শিষ্যরা।
নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে হেরে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ দল। ফলে এই ম্যাচে স্বাগতিক দলের সামনে জয়ের কোন বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াকে ছাড়াই খেলতে নামে বাংলাদেশ দল।
এদিন চোটাক্রান্ত জামালের পরিবর্তে লাল সবুজ দলকে নেতৃত্ব দিচ্ছেন তপু বর্মন।
রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া মাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন মতিন মিয়া। ১৭তম মিনিটে ডি বক্সে রিয়াদুল হাসানের ক্রস পেয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
২২তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। গোলরক্ষকে একা পেয়েও বল জালে জড়িয়ে দিতে ব্যর্থ হন তিনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফের ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে।
৫৫ মিনিটে সেই সুযোগ নষ্ট করেন সোহেল রানা। গোলবারের উপর দিয়ে বল বাহিরে পাঠিয়ে দেন তিনি।
তবে ৬৫ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি মতিন মিয়া। শ্রীলঙ্কান ডিফেন্ডারের কাছ থেকে বল নিয়ে অত্যান্ত ঠান্ডা মাথায় বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মতিন।
দুই গোলে পিছিয়ে পড়ে হতাশা পেয়ে বসে লঙ্কান খেলোয়াড়দের মাঝে। সেই সুযোগে আরও একটি গোল পায় বাংলাদেশ। ৮৩ মিনিটে টুর্নামেন্টে নিজের প্রথম গোলটি করেন মোহাম্মদ ইব্রাহিম।
৩-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দলকে শেষ মুহূর্তে দু:সংবাদ দিলেন তপু বর্মন। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জামালে বদলে অধিনায়কত্ব করা এই ডিফেন্ডার। তবে দশ জনের বাংলাদেশকে সেমিফাইনালে যাওয়া থেকে আটকাতে পারেনি শ্রীলঙ্কা। ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















