আসন্ন নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হয়ে গেছে দলের আনুষ্ঠানিক ফটোসেশনও। সেখানে দলের সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ফটোসেশন শেষে দলীয় দিক থেকে নারী দলকে ভালো অবস্থানে দেখছেন বলে মন্তব্য করেন তিনি।
এবার নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের আসরে খেলতে যাচ্ছে নারী ক্রিকেটাররা। এর আগে ভালো পারফরম্যান্স করতে না পারলেও এবার দল ভালো অবস্থানে আছে বলে মনে করছেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের নারী দল যে পারফরম্যান্স দেখিয়েছে খুব ভালো যে তা বলব না, তবে খারাপ না। এশিয়ার চ্যাম্পিয়ন। সেদিক থেকে অবশ্যই আমরা ভালো অবস্থায় আছি।’
দলকে নিয়ে এবার প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেন পাপন। তিনি বলেন, ‘প্রত্যাশা তো সবসময়ই বেশি। বাংলাদেশ দল দেশের প্রতিনিধি হিসেবে যাচ্ছে, প্রত্যাশা তো আছেই। আমি মনে করি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এটাই প্রথম কথা, আর এটা আমাদের জন্য গৌরবের একটি বিষয়।’
তিনি আরো যোগ করেন, ‘তাদের মধ্যে আত্মবিশ্বাস আছে। এটাই অনেক কিছু। আর বিশ্বকাপের আগ মুহূর্তে তারা ভারতে যে সিরিজটা খেলে এসেছে, সেখান থেকে কিছুটা হলেও মনোবল পাবে। কারণ সেখানে ভারতীয় জাতীয় দলের ক্রিকেটাররাই তো ভাগ হয়ে খেলেছিল। কাজেই আমার মনে হয় এটা আমাদের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়াবে।’
আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে সালমাদের।
বিশ্বকাপে বাংলাদেশ নারী দল
সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।
স্ট্যান্ডবাই
শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























