সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন প্রকল্পে কোনো দুর্নীতি ও অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না, কারও মুখের দিকে তাকানো হবে না; যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে ঢাকার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের প্রতি তাগিদ দেন শেখ হাসিনা। রাজধানীতে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেগুলো যথাসময়ের শেষ করার ব্যাপারে মেয়র-কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান সরকারপ্রধান।
এ সময় প্রধানমন্ত্রী জানান, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজের ক্ষত থেকে জাতিকে মুক্তি দিতে তার সরকার এটা অব্যাহত রাখবে বলে জানান তিনি। শেখ হাসিনা বলেন, ‘ইতিমধ্যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এটা ধরে রাখতে হবে ২০২৪ সাল পর্যন্ত। আমরা দেশকে উন্নত বিশ্বের কাতারে যোগ করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। আগামী দিনের বাংলাদেশকে কেমন দেখতে চাই সেটার পরিকল্পনাও গ্রহণ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার আসবে, সরকার যাবে। কিন্তু উন্নয়নের গতিধারা যেন থমকে না যায়।’ এ সময় তিনি অভিযোগ করেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেসব উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল পরবর্তী সময়ে চারদলীয় জোট সরকার এসে সেগুলো থামিয়ে দেয়। সরকারপ্রধান জানান, দেশের মানুষের জীবনমান অনেক উন্নত হয়েছে। এই ধারা অব্যাহত রেখে গ্রাম ও শহরের পার্থক্য তিনি মুছে দিতে চান।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















