ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করতে মেয়র ও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। ছোট্ট মশা অনেক বড় অর্জন খেয়ে ফেলতে পারে বলে তাদের সতর্ক করেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে ঢাকার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়েকটি দেশে ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস যেন বাংলাদেশে ঢুকতে না পারে এ ব্যাপারে সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। করোনা শনাক্ত হলে কী করতে হবে, কীভাবে সামলাতে হবে সেটাও সরকারের পরিকল্পনায় রয়েছে বলে জানান।
তিনি জানান, একটি বিশেষায়িত হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য। চিকিৎসক নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্যবৃন্দ এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















