মার্চেই দেশে ফিরছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এন্ড্রু কিশোর। প্রায় ৫ মাস ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে ক্যান্সারের চিকিৎসা চলছে তার। অনেক অপেক্ষার পর এবার পাওয়া গেলো সুখবর। দীর্ঘ চিকিৎসার পর এখন অনেকটাই ভালো আছেন এন্ড্রু কিশোর। চলতি মাসের শেষ সপ্তাহের যে কোনো দিন তিনি দেশে ফিরবেন।
এ বিষয়ে এন্ড্রু কিশোরের শীষ্য ও কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস বলেন, দাদা এখন অনেকটাই সুস্থ আছেন। চলতি মাসের শেষ সপ্তাহে দেশে ফিরবেন তিনি। তবে চিকিৎসকরা চূড়ান্তভাবে হাসপাতাল থেকে তার ছুটির তারিখটি জানাননি এখনো।
এন্ড্রু কিশোর গত বছরের ৯ই সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে বায়োপসি রিপোর্টে তার ক্যান্সার ধরা পড়ে। পরে সেখানে তার কেমোথেরাপি দেয়া শুরু হয়। এই শিল্পীর চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়েছেন। তার সহায়তায় এগিয়ে এসেছেন সহশিল্পীরাও।
তার চিকিৎসার অর্থের জন্য আয়োজন হয়েছে কনসার্টও। চলতি বছরের শুরুতেই এন্ড্রু কিশোরের চিকিৎসায় পূর্ণ সহায়তা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য তখনই সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসকে নির্দেশনা দেয়া হয়।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























