এই সময়ের সবচেয়ে ব্যস্ততম সঙ্গীত পরিচালকদের মধ্যে একজন ওয়াহেদ সাহিন। প্রতিনিয়ত নতুন নতুন গানের সঙ্গীতায়োজন নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন গুণী এই সঙ্গীতপরিচালক। উপহার দিয়ে চলেছেন একের পর এক জনপ্রিয় গান। সম্প্রতি ওয়াহেদ সাহিন এর সঙ্গীতায়োজনে প্রকাশিত হলো নতুন গান ‘দুঃখ’। আর নতুন গানটি গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমন। ‘দুঃখ’ শিরোনামের নতুন গানটি মিউজিক ভিডিও সহ প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এইচ এম ভয়েস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নতুন এই গানের কথা লিখেছেন গীতিকবি শেখ নজরুল এবং সুর করার পাশাপাশি এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কণ্ঠশিল্পী ও সুরকার ফিদেল নাইম। মিউজিক ভিডিওটি তে অভিনয় করেছেন সোনিয়া জান্নাত, শুভ্র মেহরাজ, সেজাত খাঁন এবং ফিদেল নাইম।
ইতিমধ্যেই এফ এ সুমনের গাওয়া নতুন এই গানটি ইউটিউবে ব্যাপক সাড়া জাগিয়েছে বলে জানালেন ওয়াহেদ সাহিন। তিনি বললেন – এফ এ সুমন ভাইয়ের গায়কী নিয়ে নতুন করে কিছুই বলার নেই। তিনি এমনিতেই আমার অনেক পছন্দের শিল্পী। তার সাথে এর আগেও বেশ কয়েকটি কাজ করা হয়েছে। তবে এই গানটি সত্যিই অসাধারণ গেয়েছেন তিনি। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দেয়ার। সবাইকে গানটি শোনার অনুরোধ রইলো।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ


























