প্রতারণার অভিযোগে সাবেক স্বামীর করা মামলায় জামিন পেয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাশবিহা বিনতে শহীদ ওরফে মিলা ও তার বাবা শহীদুল ইসলাম ।
বুধবার (১১ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বছর ৩ সেপ্টেম্বর একই আদালতে মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারী এ মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগ তদন্তে পল্লবী থানাকে নির্দেশ দেয় আদালত।
এরপর পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম তদন্তের পর মিলা ও তার বাবার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ৬ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের হাজির হতে সমন জারি করেন। সমনের পরিপ্রেক্ষিতেই তারা বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান মিলা ও তার বাবা।
বাদীর অভিযোগ, ২০১৭ সালের ১২ মে মিলাকে বিয়ে করেন করেন। বিয়ের পর বুঝতে পারেন, মিলা বদমেজাজী, অহংকারী, নেশাগ্রস্ত ও অনৈতিক চরিত্রের অধিকারী। এতে তাদের দাম্পত্যকলহ শুরু হয়। সেই সুযোগে ওই বছরের ৫ অক্টোবর যৌতুক আইনে বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন।
অভিযোগে আরও বলা হয়, মিলা ২০০২ সালের ৩১ জুলাই অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এ কে এম নুরুল হুদার ছেলে আবির আহম্মেদকে বিয়ে করেছিলেন। মিলা ও তার বাবা বিয়ের তথ্য গোপন করে তার সঙ্গে প্রতারণা করেছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























