আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’ গ্রামে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ভাইবার আসার পর ঘটে যাওয়া হাস্যরসে ভরপুর জমজমাট গল্প নিয়ে ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’ আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’। মাসুম রেজা-এর রচনা ও শাহীন সরকার-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ০৯টা ৪৫মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, নিলয়, শ্যামল মাওলা, অপর্ণা, শশী, আখম হাসান, ওয়াহিদা মলিক জলি, মিলন ভট্টাচার্য, আমিন আজাদ, সামিয়া অথৈ, সামানতা রহমান, শরিফ খান দিলু প্রমুখ। গল্প সংক্ষেপ: আলোকদিয়া গ্রাম। সবাই আলোকদি বলে ডাকে। আলোকদিতে কিছুদিন হলো ইন্টারনেটের কানেকশান পাওয়া যাচ্ছে। মোবাইলে ইন্টারনেট কানেশান পাওয়াতে এই গ্রামের মধ্যবয়সী ছেলেমেয়েরা বেশ মেতে ওঠে। ফেসবুকিং, ইউটিউব সার্ফিং, হোয়াটসঅ্যাপ, ভাইবার সবই চলে আসে ওদের মোবাইলে, ল্যাপটপে। এই প্রথম ব্যবহার করছে বলে তাদের এই বিষয়ে জ্ঞান কম। তবে তাদের অসুবিধা হয় না কারণ তাদের সিনিয়ার ভাই গনি আছে বলে। গনিকে সবাই জ্ঞানী গনি বলে ডাকে। সব বিষয়ে কিছু কিছু জ্ঞান থাকার কারণে তার এই নামকরণ।
জ্ঞানী গনি সুযোগ বুঝে একটা দোকান খুলে বসে। নাম- ‘ফিলিং হ্যাপি ডিজিটাল ক্লাব’। এখন আলেকদি গ্রামের মধ্যবয়সী ছেলেমেদের আনাগোনা এই ডিজিটাল ক্লাবে। এই দিকে এই গ্রামের ক্ষুদু খুনকার, মাতিন খান, রবি, সানি তারাও নিজেদেরকে অনেক জ্ঞানী বলে মনে করে, সবাই যার যার মত পান্ডিত্য দেখাতে শুরু করে। এই পান্ডিত্যের মধ্যেই ফুটে উঠবে সমাজের নানা চিত্র। হাস্যরসে ভরপুর জমজমাট গল্প নিয়ে এগিয়ে যাবে ‘জ্ঞানীগঞ্জের পন্ডিতেরা’ নাটকের কাহিনী।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























