স্থগিত হচ্ছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ডাকা জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আপাতত স্থগিত হচ্ছে। দেশের চলমান করোনা পরিস্থিতির কারণে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
শনিবার (২১ মার্চ) এ সংক্রান্ত সিদ্ধান্ত আসবে। জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতর থেকে সংসদ অধিবেশন স্থগিতের বিষয়ে ইঙ্গিত দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বলেন, ‘এটা এই মুহূর্তে বলা যাবে না। এই সিদ্ধান্ত দেবেন মহামান্য রাষ্ট্রপতি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত দেবেন।’
তবে আপনারা জানেন, অধিবেশনের দিন সকালে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের যে কর্মসূচি ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। সবার আগে দেশে এবং দেশের মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করতে হবে। সেই বিবেচনায় অধিবেশন স্থগিতও হয়তো হতে পারে। সিদ্ধান্ত যাই হোক, আগামীকাল আপনারা জানতে পারবেন।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























