করোনা সতর্কতায় সিনেমা হল বন্ধের পর এবার বন্ধ ঘোষণা করা হলো মঞ্চনাটক। সেই অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমির তিনটি হল- জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল ছাড়াও বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতিতে নিয়মিত নাটক মঞ্চায়ন বন্ধ থাকছে।
রোববার (২২ মার্চ) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত বলবৎ থাকবে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত। পরিস্থিতি অনুকূলে না এলে নতুন করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ তথ্য নিশ্চিত করে বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রায় সবগুলো দল জেনে গেছে খবরটি। সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সব ধরনের মঞ্চনাটক, সেমিনার ও অন্যান্য অনুষ্ঠান।
উল্লেখ্য, শিল্পকলা একাডেমির তিনটি হল ও মহিলা সমিতিতে চলতি মাসের নাটক মঞ্চায়নের জন্য আগে থেকেই হল ভাড়া দেওয়া হয়েছিল। অবশ্য এক মাস আগে থেকেই হল ভাড়া নিতে হয়। তবে নতুন সিদ্ধান্তের পর যেসব নাটক এ মাসে মঞ্চায়নের কথা ছিল, তা আজ থেকে আর মঞ্চায়ন হবে না।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























