এবার করোনাভাইরাসের দুর্দিনে অসচ্ছল মানুষদের পাশে দাঁড়াচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমাও তার স্বামী আইনজীবী সানাউল্লাহ নূর সাগর। সেবামূলক প্রতিষ্ঠান ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’-এর পক্ষ থেকে এ কার্য়ক্রম পরিচালনা করবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) থেকে ঢাকা আশে-পাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করবেন সালমার সেবামূলক এই প্রতিষ্ঠানটি। তারা ২০০ জন পরিবারের মধ্যে খাবার বিতরণ করবেন। খাবারের প্যাকের মধ্যে থাকছে চাল, ডাল, আলু, তেল।
এ প্রসঙ্গে সালমা বলেন, আমরা খুঁজে খুঁজে দরিদ্র মানুষদেরকেই সহায়তা করব। যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়। করোনাভাইরাসের কারণে সবাই ঘরে আটকে আছেন। বিশেষ করে যারা দিনে উপার্জন করে দিনে খান তারা বিপদে পড়েছেন। তাদের সহায়তা করার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।
দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সালমা বলেন, আমরা না হয় কোনোভাবে দিন কাটালাম কিন্তু যারা দিনে এনে দিনে খায় তাদের কী হবে? সবার উচিত, দেশের এমন পরিস্থিতিতে সামর্থ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।
বিজনেস বাংলাদেশ/ আরিফ


























