করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা: শফিকুল ইসলামের কাছে তারা এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
২৬ তম ব্যাচ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এবং সাধারণ সম্পাদক খসরুল আলম খান রিপন ডিএমপি কমিশনারের হাতে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে ২৬ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট এর উপ কমিশনার টুটুল চক্রবর্তী ও ম্যানেজমেন্ট বিভাগের রুস্তম আলী উপস্থিত ছিলেন। মোহাম্মদ শাহজাহান এ বিষয়ে বলেন, করোনা প্রতিরোধে-২৬ প্রকল্পের কার্যক্রম আজ আনুষ্ঠানিক ভাবে শুরু করা হলো।
এ কার্যক্রমে প্রাথমিক ভাবে মাঠ প্রশাসনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের ব্যবহারের জন্যে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। আগামীতে এসব সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি গরীব এবং ছিন্নমূল সুবিধাবঞ্চিত মানুষদের জন্যে খাদ্য বিতরণ কর্মসূচিও গ্রহন করা হয়েছে। আমরা আমাদের সকল বন্ধুকে এ কার্যক্রমে আমাদের পাশে থাকার জন্যে বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি।
তারা সবাইকে বাসায় অবস্থান করি নিরাপদ থেকে করোনা প্রতিরোধে নিজের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।
বিজনেস বাংলাদেশ/ ইমরান




















