করোনায় লগডাউনের মধ্যে সৃষ্টি হল পিতা-পুত্রের ব্যান্ড। দেশে মহামারি এমন পরিস্থিতিতে কণ্ঠশিল্পী আশীষ হাতে তুলে নিলেন গিটার। ডেকে নিলেন তার ৭ বছর বয়সী পুত্র অংশুমানকে। সিদ্ধান্ত নিলেন, এই লকডাউন সময়টাকে তারা কাজে লাগাবেন গানে গানে।
যেমন ভাবনা তেমন কাজ, পিতা-পুত্র গড়ে তুললেন ব্যান্ড ‘সং ফর গুড’। লাইনআপ এমন- গিটার ও কণ্ঠ আশীষ এবং শেকার ও কণ্ঠ অংশুমান। গানের কথা-সুর তৈরি করছেন আশীষ নিজেই।
সাতদিন বয়সী এই ব্যান্ড এরমধ্যে পাঁচটি গান উপহার দিয়েছে। যা প্রকাশ পেয়েছে ব্যান্ডের নামে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে। যারমধ্যে যেমন রয়েছে করোনা প্রতিরোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির গান, তেমনি রয়েছে লকডাউনের মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে যারা এখনও বাইরে কাজ করছেন তাদের নিয়ে। করোনা বিষয়ের বাইরেও পিতা-পুত্র গান গেয়ে মুগ্ধ করছেন শ্রোতাদের। বিশেষ করে শিশু শ্রোতাদের লক্ষ্য করে তারা গেয়েছেন তিনটি ছড়াগান।
এমন উদ্যোগ প্রসঙ্গে আশীষ বলেন, ‘আমি আগে থেকেই গাওয়ার চেষ্টা করছি। মূলত বাচ্চাদের জন্য গান করতাম। তবে গান বেঁধে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরিকল্পনা এ পর্যন্ত ছিলো না। যেটা এবার হয়ে গেল, তাও আবার ছেলেকে সঙ্গে নিয়ে। এটা আমাদের বাপ-বেটার জন্য খুবই আনন্দের বিষয়। আরও ভালো লাগছে, যখন দেখছি এই খারাপ সময়েও আমাদের গানগুলো মানুষ শুনছেন আর প্রশংসা করছেন।’
আশীষ জানান, বছর চার আগে ‘সং ফর গুড’ নামের একটি ইউটিউব চ্যানেল খোলেন কোনও উদ্দেশ্য ছাড়াই। গেল চার বছর সেদিকে চেয়েও দেখেননি। সেই চ্যানেলে এক সপ্তাহে প্রকাশ হলো বাবা-ছেলের পাঁচটি গান-ভিডিও।
আশীষ বলেন, ‘এভাবে লকডাউন হয়ে যাবো, সেটা তো কখনো ভাবিনি। তো আমি স্ত্রী আর এক পুত্র নিয়ে বাসায় আছি গেল দুই সপ্তাহ। প্রথম সপ্তাহ ঘরে শুয়ে-বসে খেয়ে-দেয়ে কাটালাম। কিন্তু সময় তো কাটে না। দুশ্চিন্তাও কমে না। অসহায় মানুষ কিংবা জরুরি সেবা দেওয়া মানুষগুলোর জন্যও খারাপ লাগছে। এসব ভাবনা থেকেই গিটার তুলে নিলাম, ছেলেকে ডেকে নিলাম, গান ধরলাম দুজনে। ওর মা আমাদের সামনে ক্যামেরা ধরলো। ব্যাস হয়ে গেল! আমি মনে করি ঘরে থাকা প্রত্যেকেরই এভাবে কিছু না কিছু করা দরকার।’
বিজনেস বাংলাদেশ/বাবুল


























