বাংলাদেশের সব্যসাচী অভিনয় ব্যক্তিত্ব হুমায়ুন ফরীদি। অনবদ্য অভিনয়শৈলী দিয়ে মাতিয়েছেন দর্শক। আজ তিনি বেঁচে থাকলে দেশের এই সংকটকালে কোনো সন্দেহ নেই উপস্থিতি হয়ে যেতেন। পাশে দাঁড়াতেন অসহায় মানুষের। কিন্তু প্রয়াত এই শিল্পী উপস্থিত থাকছেন একটু অন্যভাবে।
তাঁর রেখে যাওয়া একটি প্রিয় সামগ্রী, অর্থাৎ তাঁর ব্যবহার করা চশমা তাঁর পরিবার নিলামের জন্য দিয়েছেন। আর অকশান ফর অ্যাকশনের মাধ্যমে এটা নিলামে উঠছে।
এ নিয়ে কথা হচ্ছিল হুমায়ুন ফরীদির পরিবারের সঙ্গে। তাঁর মেয়ে শারারাত ইসলাম, যিনি দেবযানী নামেই বিশেষত পরিচিত, বলেছেন, এটা একটা উপলক্ষও বটে; কারণ, তাঁর ব্যবহার করা একটি সামগ্রী দিয়ে হুমায়ুন ফরীদির স্মৃতি সজীব করার প্রয়াস পাওয়া যাচ্ছে। আর এভাবে একটা ভালো উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করাও হচ্ছে।
এই সুযোগটা দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ দিতে ভোলেননি দেবযানী। বরং আরও যোগ করেছেন, ‘বাবা এই চশমা নিয়মিত পরেছেন। এর সঙ্গে জড়িয়ে আছে তাঁর স্পর্শ। কোনো সন্দেহ নেই, তাঁর যেকোনো জিনিসই আমাদের কাছে প্রিয়। কারণ, তাঁর ব্যবহার করা প্রতিটি জিনিসের মধ্যে দিয়েই তো আমরা প্রতিমুহূর্তেই তাঁর উপস্থিতি অনুভব করি। এ জন্য চশমাটি যিনি কিনবেন, তিনি যত্নে রাখবেন, এটুকুই আমাদের চাওয়া।’
নিলামে তাঁর মেয়ে দেবযানী ও জামাই কাজী সাবির উপস্থিত থাকবেন। আর নিশ্চয়ই হুমায়ুন ফরীদির অদৃশ্য উপস্থিতিও থাকবে বলে মনে করেন অকশান ফর অ্যাকশনের অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা। তিনি আরও জানান হুমায়ুন ফরীদির একাধিক সহঅভিনেতা নিলাম চলাকালে উপস্থিত থাকবেন। স্মৃতিচারণা করবেন তাঁদের প্রিয় বন্ধু বা অগ্রজ সম্পর্কে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























