গত একদিনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১৭ জনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দু’জন পুলিশ সদস্যসহ নগরীতে ১৩জন রয়েছে। এছাড়া চট্টগ্রামে মৃত একজনের নমুনা পরীক্ষাতেও করোনার সংক্রমণ পাওয়া গেছে।
গত সোমবার চট্টগ্রামের সীতাকু-ের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ২৪৩ জনের নমুনা পরীক্ষায় এই ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, চট্টগ্রামে আক্রান্তদের মধ্যে বিআইটিআইডির ৪৮ বছর বয়সী পুরুষ, নগরীর পাহাড়তলীর ৩৪ বছরের পুরুষ, দক্ষিণ হালিশহরের ৩৭ ও ৩৪ বছর বয়সী দুই নারী, আকবর শাহ এলাকার ৫১ বছর ও উত্তর কাট্টলীর ৪০ বছরের পুরুষ, সীতাকু-ের বড় কুমিরা এলাকার ৩০ বছরের পুরুষ, নগরীর পাহাড়তলী মৌসুমি আবাসিক এলাকার ৪২ বছরের পুরুষ, এনায়েত বাজারের ৪৭ ও ২১ বছরের দুই পুরুষ, দামপাড়া পুলিশ লাইনের ৩৫ ও ২৮ বছর বয়সী দুই পুরুষ আছেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরীর কোতোয়ালি থানার এনায়েতবাজারে শনাক্ত হওয়া ৪৭ বছর বয়সী পুরুষ হলেন প্রবাসী সেকান্দর হোসেন। গত সোমবার সকালে নিজ বাসায় সেকান্দরের মৃত্যু হয়। এরপর তার বাসাসহ পুরো ভবন লকডাউন করা হয়েছে ।
সিএমপির উপকমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান জানান, দামপাড়ায় শনাক্ত হওয়া ৩৫ বছর বয়সী ব্যক্তি সিএমপির একটি ইউনিটে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। এছাড়া ২৮ বছর বয়সী আরেকজন সিএমপির এসএএফ শাখায় কনস্টেবল পদে কর্মরত। এ নিয়ে চট্টগ্রামে ১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে একজন র্যাবের চট্টগ্রাম জোনে কর্মরত।













