চট্টগ্রামের পটিয়া পৌর সদরের পাইকপাড়া এলাকায় পৌর যুবলীগের সহ সভাপতি মফিজ উদ্দিন প্রকাশ মিয়ার নেতৃত্বে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামালা চালিয়ে ভাংচুর ও ব্যবসায়িক টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় দোকানদার আইয়ুব বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের এজাহার নামীয় আসামীরা হলেন, পৌর যুবলীগের সহ-সভাপতি মফিজ উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল করিম ফাহিম, সাজ্জাদ হোসেন, আবদুর রহিম, এনাম। উক্ত অভিযোগে অজ্ঞাত আরো ৫/৬ জন আসামী করা হয়েছে।
অভিযেগ সূত্রে জানা যায়, গত ৫ মে পটিয়া পৌরসদরের ৬ নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকার জামাই’র দোকানের মালিক আইয়ুব প্রকাশ আইয়ুব সওদাগর প্রতিদিনের ন্যয় ইফতার শেষ করে ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। এসময় একটি হাইসযোগে ১০-১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে পৌর যুবলীগ সহ সভাপতি মফিজ উদ্দিনের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এসময় দোকান ভাংচুর করে লুটপাট করে ব্যবসার প্রায় ১ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে আইয়ুব প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ব্যাপারে পটিয়া পৌর যুবলীগ সহ সভাপতি মফিজ উদ্দিন জানান, ‘আমরা বহিরাগত নিয়ে যায় নাই। তারা আগে আমাদের উপর হামলা চালিয়েছিল তার জন্য আমরা হামলা করেছি।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























