করোনা ভাইরাস মোকাবেলায় সহায়তার লক্ষ্যে চট্টগ্রামস্থ দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ১৫ সেট অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।
আজ শনিবার ( ৯ মে ) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের কাছে সভাপতির পক্ষে চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন এই চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম (প্রশাসন), শ্যামল কুমার নাথ (ক্রাইম এন্ড অপারেশন), এস এম মোস্তাক আহমেদ খান (ট্রাফিক) এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস মোকাবেলা ও সংক্রামণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সেবায় পুলিশ বাহিনীর দায়িত্ব এবং বিভিন্ন সময়োপযোগী উদ্যোগ যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি এসকল কাজ করতে গিয়ে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য নিজেরাও আক্রান্ত হয়েছেন জীবনঘাতী এ ভাইরাসে। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে।
বিশেষ করে চট্টগ্রামে করোনা যুদ্ধে সামনে থাকা এ পর্যন্ত সর্বাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে অনেকে আবার সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। এ প্রসঙ্গে অনুভুতি ব্যক্ত করতে গিয়ে মাহবুবুল আলম দেশের করোনা সংক্রমণ মোকাবেলায় পুলিশ বাহিনীর ভূমিকা অনস্বীকার্য এবং সামনে থেকে যুদ্ধ করা এসকল পুলিশ সদস্যদের সাথে সহায়তায় এগিয়ে আসতে পারা গর্বের ও আনন্দের বলে জানান।




















