চট্টগ্রামে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। নগরীর পাহাড়তলীর নুরুল আলম (৬৫) গত বৃহস্পতিবার মারা যান। গত শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে চট্টগ্রামে ওই রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ জনে। এছাড়া চট্টগ্রামে নতুন আক্রান্ত হয়েছেন ১১জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত বুধবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ওই বৃদ্ধ নুরুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্ণারে ভর্তি হয়। পরের দিন বৃহস্পতিবার সকালে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে বিকেলে তার মৃত্যু হয়। তিনি জানান, বৃদ্ধার সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিতের পাশাপাশি তাদের বাড়িও লকডাউনের করা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, সিভাসুর ল্যাবে পরীক্ষার পর শুক্রবার চট্টগ্রামের ৩৭ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া গেছে। এছাড়া শুক্রবার রাতে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি জানিয়েছে, তাদের ল্যাবে শুক্রবার চট্টগ্রামের আরও ১১ জনের দেহে করোনা পাওয়া গেছে। সবমিলিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৬ জনে।
এদিকে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।























