চট্টগ্রামে করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার জন্য তৃতীয় ল্যাবটি চালু হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) এই ল্যাবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রামের সীতাকুন্ডে বিআইটিআইডি ও নগরীতে সিভাসুতে করোনাভাইরাস সনাক্তকরণ পরীক্ষার আরো দুটি ল্যাব রয়েছে।
গতকাল চমেকে পরীক্ষামূলক নমুনা টেস্টের মধ্য দিয়ে ল্যাবের কার্যক্রম শুরু হয়। এখন থেকে রোগীর সংগৃহীত নমুনা এ ল্যাবে পরীক্ষা করা হবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগর এলাকার করোনা পরীক্ষা হবে এই ল্যাবে। এর ফলে নমুনা দিয়ে ফলাফল জানার জন্য বেশিদিন অপেক্ষা করতে হবে না। তবে চমেকে সরাসরি কোনো নমুনা সংগ্রহ করা হবে না। বিভিন্ন হাসপাতাল নমুনা সংগ্রহের পর ল্যাবে পাঠাবে। পরীক্ষা শেষে সংশ্লিষ্টদের ফলাফল জানিয়ে দেবে চমেকের ল্যাব।
চমেকের মাইক্রোবায়োলজী এন্ড ভাইরোলজি বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুুন কবীর, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, চমেক অধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ শামীম হাসান, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, চমেক মাইক্রোবায়োলজী বিভাগের প্রধান ডা. মো. এহসানুল হক। ##




















