করোনা ভাইরাসের সংক্রমণ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য গাজীপুর সিটিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার সাথে সাথে এবার ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে দেড়শো ফগার মেশিন নিয়ে মাঠে মশার বিরুদ্ধে অভিযানে নামলেন গাজীপুরের মেয়র এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শনিবার দুপুরে মশা নিধনের এই বিশাল কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এই কর্মসূচির উদ্বোধনকালে মেয়র বলেন, গাজীপুর সিটি করপোরেশন ডেঙ্গু মশা নির্মূলে আগাম ব্যবস্থা গ্রহণ করেছে। এর আগে করোনাভাইরাসের প্রকোপ রোধেও আগাম ব্যবস্থা নেওয়া হয়েছিল। এডিস মশা নির্মূলের জন্য সিঙ্গাপুর ও পোল্যান্ড থেকে ওষুধ আমদানি করা হয়েছে। জার্মানি ও আমেরিকা থেকে আমদানি করা হয়েছে ১৫০টি ফগার মেশিন। এসব মেশিন দিয়ে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় এডিস মশা বিনাশের ওষুধ ছিটানো হবে।
তিনি নগরবাসীকে পরিচ্ছন্ন থাকার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সেই সঙ্গে নাগররিকদের জানমাল রক্ষায় সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন মেয়র ।
শনিবার মহানগরীর টঙ্গী বাজার এলাকা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে গাজীপুর শহরের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ফগার মেশিনের মাধ্যমে এডিস মশা নিধনে ওষুধ ছিটানো হয়। মেয়র জাহাঙ্গীর আলম সশরীরে উপস্থিত থেকে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন।




















