সবাই ব্যস্ত নির্বাচনের গল্পে। পাড়া, মহল্লার চায়ের দোকান, বিভিন্ন হোটেল মুখরিত মানুষের গল্পে। এই পরিবেশ সকলে কাল অবধি আশা করছেন।
ভোটাররা শীতের জড়তা কাটিয়ে ছুটে আসছেন ভোট কেন্দ্রে। ভোটের এত সুন্দর পরিবেশ দেখে স্থানীয়রা মুগ্ধ। মাঝে মধ্যে তাদের সঙ্গে দেখা হয়ে যায় প্রার্থীদের। প্রার্থীরা ভোটারদের কাছে বলছেন শুধু দুটি শব্দ- ‘দোয়া করবেন। ভোট দেবেন।’
প্রচারণার সময় শেষ হয়েছে গতরাত ১২টায়। এখন নারী পুরুষ মিলে যাচ্ছে ভোট কেন্দ্রে। ভোটারসহ তাদের সমর্থকেরাও ছুটছেন।
জেলা আওয়ামীলীগ এর দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান বুধবার এই প্রতিবেদককে বলেন, ৩৩ টি ওয়ার্ড এর প্রতিটিতেই ৭১ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
ভোটারদের মধ্যে একজন বলেন, ভোটের এত সুন্দর পরিবেশে সত্যি খুব ভালো লাগছে। ভোট সবাই নিজেদের অধিকার অনুযায়ী দেবেন। আশা রাখছি ভালো কিছুই হবে।
স্থানীয়দের প্রত্যাশা আজ ভোটে যা হবে তা যেন রংপুর এর জন্য ভালো হয়। স্থানীয় উন্নয়নই তাদের কাম্য।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারের সহায়ক কর্মকর্তা আবু সাঈম বুধবার জানান, বুধবার রংপুর পুলিশ লাইন হল থেকে সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের কর্মকর্তাদেরকে ভোটার তালিকা, স্বচ্ছ ভোটের বক্স, ব্যালট পেপার, সিল, মার্কিং সিল, ব্রাশ সিল, বিভিন্ন ফরম প্যাকেটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। স্ব-স্ব ভোট কেন্দ্রের ভোট প্রিজাইটিং অফিসারগন দায়িত্বরতদের কাছ থেকে এসব সরঞ্জামাদি নিয়ে আনসার ও পুলিশ সদস্যের নিয়ে কেন্দ্রে কেন্দ্রে চলে যাচ্ছেন।
উল্লেখ্য, রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯৩ টি ভোট কেন্দ্রের ১ হাজার ১২২ টি ভোট কক্ষে। এছাড়াও অস্থায়ীয় ভোট কক্ষ রয়েছে ১৬৬টি। এরমধ্যে ১২৮টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ধরা হয়েছে।
এই নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডের বেগম রোকেয়া সরকারী কলেজ কেন্দ্রে ইভিএম দিয়ে ভোট গ্রহণ ছাড়া সব কেন্দ্রে আগের মতোই ব্যালট ও সিলে ভোট গ্রহন করা হবে। এবার এই নির্বাচনে মেয়র পদের জন্য ৭ জন, ১১টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৫ জন এবং ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ২১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ভোট গ্রহনের জন্য নিয়োগ দেয়া হয়েছে ১৯৩ জন প্রিজাইটিং অফিসার, ১ হাজার ১২২ জন সহকারী প্রিজাইটিং অফিসার এবং ২ হাজার ২৪৪ জন পোলিং অফিসার। এবার ভোটার সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যা গত বছরের চেয়ে ৩৬ হাজার বেশী। এরমধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ জন। মহিলা ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে রংপুর সিটির ভোট।
রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বুধবার জানান, ভোট গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহন করেছি। এই ভোট হবে নির্বিঘ্ন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য। এজন্য আমরা এক চুলও কমতি রাখিনি।
বুধবার থেকে সবকটি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৩৩ টি ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করছে। সেই সাথে ১১টি ভ্রাম্যমাণ আদালত আরও থাকছেন মাঠে। নিরাপত্তাকর্মীর সংখ্যা ৫ হাজার ৫৫০ জন।
সব মিলে সকলের প্রত্যাশা বিকেল নাগাদ নির্বাচন সফলভাবে, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।




















