জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক আজ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাঁচলাইশ ও বন্দর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
বেলা ১১টা হতে পরিচালিত অভিযানে ১২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশিদামে পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, অননুমোদিত রং, অননুমোদিত ওষুধ বিক্রয় করায় মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে অননুমোদিত রং, নকল চেরি, অননুমোদিত ওষুধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস ও তিনটি টিসিবি ট্রাকসেল পর্যবেক্ষণ করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ,চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ।
অভিযানের সময় ভোক্তাসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।
অভিযান প্রসঙ্গে চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বিজনেস বাংলাদেশকে বলেন, জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।



















